ফরিদপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে হয়রানি, শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 459
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক মো. রহিচ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোররাতে তাকে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তের পরিচয়
গ্রেপ্তারকৃত রহিচ শিকদার সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের শিকদারবাড়ি গ্রামের মৃত বারেক শিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন।
পুলিশের বক্তব্য
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “গ্রেপ্তারকৃত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন। তাকে আজ আদালতে পাঠানো হবে।”
শিক্ষার্থীর অভিযোগ
ভুক্তভোগী ছাত্রী জানায়, অভিযুক্ত শিক্ষক তাকে দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। সেই সুযোগে তিনি অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন। এমনকি প্রাইভেট পড়ার বিনিময়ে টাকা না নেয়ার প্রস্তাব দিয়ে বরং বাড়তি টাকা দেয়ারও ইঙ্গিত দেন। গত ২৯ এপ্রিল তিনি মেয়েটিকে অন্তর্বাস কেনার জন্য টাকা দিতে চান।
প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন আচরণ
ছাত্রীটি বিষয়টি সঙ্গে সঙ্গে তার পরিবার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনকে জানালে, তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের স্কুলে প্রবেশে বাধা দেন এবং বলেন, “আমার প্রতিষ্ঠানে ঘটনা ঘটেছে, এর বিচার আমি করব।” এমনকি সাংবাদিকরা বিদ্যালয়ে গেলে তিনি হঠাৎ বিদ্যালয় ছুটি ঘোষণা করেন।
পরিবার ও প্রশাসনের হস্তক্ষেপ
ভুক্তভোগী ছাত্রীর বাবা গত ৮ মে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক রহিচ শিকদারকে গ্রেপ্তার করে।




















