ফরিদপুরে জলবায়ু ধর্মঘট: জীবাশ্ম জ্বালানি নয়, চাই নবায়নযোগ্য বিদ্যুৎ
- আপডেট সময় : ০১:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / 140
জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনার দাবিতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট।
বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজক ছিল বিডি ক্লিন ফরিদপুর ওরগানাইজেশন। সভাপতিত্ব করেন বিডি ক্লিন ফরিদপুর শাখার সমন্বয়ক তিহান আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারুশিখা ডেভলপমেন্ট সোসাইটির উলফাত জাহান শান্তা, সোশাল অর্গানাইজেশন ফরিদপুর শাখার দিদারুল ইসলাম,
রঙিন সুতা যুব উন্নয়ন সংস্থার সোনিয়া সুলতানা এবং ইউথ নেট ফরিদপুরের শাহরিয়ার মাহিন।
এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও বিনিয়োগ বন্ধ করতে হবে। এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোনিবেশ করতে হবে, যা পরিবেশবান্ধব এবং টেকসই।”
তাঁরা আরও বলেন, “আমাদের অসচেতনতা ও অবহেলার কারণে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ক্রমেই বাড়ছে,
ফলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শহরে এক পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এটি ছিল তরুণদের পক্ষ থেকে একটি সচেতনতামূলক পরিবেশবান্ধব বার্তা।





















