ফরিদপুরে ফসলি জমিতে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 556
ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির ঘাসের ভেতর থেকে ১৮ বছর বয়সী মাহাবুর মোল্লা নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরকান্দা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিচয় ও পরিবারের ভাষ্য:
নিহত মাহাবুর মোল্লা দহিসারা গ্রামের সাইফুল মোল্লার ছেলে। সাইফুল মোল্লা জানান, বুধবার রাত ১০টার দিকে মাহাবুর বাড়ি থেকে বের হয়। রাতে আর ফিরে না আসায় তারা ভেবেছিলেন, হয়তো কোথাও গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী লোকমান সরদার ফসলি জমিতে ঘাসের ভেতর মাহাবুরের মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফর আলী জানান, ফসলি জমিতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











