অস্ত্রের মুখে ব্যবসায়ীর মাথায় পিস্তল: ফরিদপুরে যুবদল নেতার সীমাহীন দাপট!
- আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 2068
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদল নেতা শাহেদ মোল্লার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে একটি মুদি দোকানে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল শেখ জানিয়েছেন, গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের স্কুলের সামনে তার দীর্ঘদিনের মুদি দোকান। স্থানীয় যুবদল নেতা শাহেদ মোল্লা বেশ কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। রফিকুল শেখের অভিযোগ, শাহেদ দোকানে এসে বিনামূল্যে সিগারেট নেওয়ার পাশাপাশি তাকে হুমকি দিয়ে বলেন, “বিশ হাজার টাকা না দিলে ব্যবসা করতে দেবো না।”
রফিকুল শেখ মৌখিকভাবে বিষয়টি আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমানকে জানান। পরে এসআই মফিজুর ঘটনাটি পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমানকে অবহিত করলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। তবে, এরপরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রকাশ্যে অস্ত্রের মুখে হামলা
এরপর ক্ষিপ্ত হয়ে গত সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে যুবদল নেতা শাহেদ মোল্লা তার দলবল নিয়ে রফিকুলের দোকানে আসেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তিনি রফিকুলকে উদ্দেশ্য করে বলেন, “তুই থানায় জানিয়েছিস, দারোগা আমার কী করবে?” উপস্থিত লোকজন বাধা দিলে তারা সেখান থেকে সরে যায়।
তবে পরিস্থিতি এখানেই শেষ হয়নি। বিকেল ৬টার দিকে শাহেদ মোল্লা আবারও দোকানে ফিরে আসেন। এবার তার হাতে ছিল পিস্তল। তিনি পিস্তলটি রফিকুলের মাথায় ঠেকিয়ে ভয় দেখান এবং দোকানের ভেতরে ব্যাপক ভাঙচুর চালান। অভিযোগ উঠেছে, এ সময় শাহেদ দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নেন।
ঘটনাটি দেখে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
অভিযুক্ত শাহেদ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেছেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”











