ফরিদপুরে ১২ মামলার ইউপি সদস্য গ্রেপ্তার,হাতুড়ি হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন মুক্তিযোদ্ধার সন্তান
- আপডেট সময় : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 559
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কবির মোল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকাল ৩টার দিকে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। কবির মোল্যা মাঝারদিয়া গ্রামের আইজদ্দী মোল্যার ছেলে এবং মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্যার ছোট ভাই।
পুলিশ জানিয়েছে, কবির মোল্যার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে এবং এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়।
সমর্থকদের হামলায় গুরুতর আহত বাবলু মাতুব্বর
কবির মোল্যাকে গ্রেপ্তারের এক ঘণ্টা পর বিকাল ৪টার দিকে মাঝারদিয়া বাজার এলাকায় ঘটে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য কবিরের সমর্থকরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই মো. বাবলু মাতুব্বরকে (৫৫) হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
আহত বাবলু বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ ও পুলিশের বক্তব্য
মো. হারুন মাতুব্বর বলেন, “আমার ভাই বাবলু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না এবং কবিরের গ্রেপ্তার বিষয়ে সে কিছুই জানতো না। অথচ তাকে বিনা কারণে হামলার শিকার হতে হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ইউপি সদস্য কবিরকে তার বিরুদ্ধে থাকা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর হামলার বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

















