ফরিদপুরের ভাটি গোপালদী স্কুলের মাঠ প্রভাবশালীর দখলে: খেলাধুলা বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা!
- আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 402
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দীর্ঘ দিন ধরে দখল করে রাখা হয়েছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দ্বারা। বিদ্যালয়ের পাশেই নির্মাণাধীন একটি ভবনের নির্মাণ সামগ্রীসহ রড কাটার মেশিন এবং অন্যান্য সামগ্রী মাঠজুড়ে রাখা হয়েছে। এর ফলে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না এবং তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সংকুচিত
৮ মে (বৃহস্পতিবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠের অধিকাংশ জায়গা দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। এর কারণে ছোট শিক্ষার্থীরা খেলাধুলা করতে গিয়ে আহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, “আমরা ঠিকভাবে খেলতে পারি না। কিছুদিন আগে আমাদের কয়েকজন বন্ধু খেলতে গিয়ে হাত-পা কেটে ফেলেছে। যদি এসব সামগ্রী সরিয়ে নেয়া হয়, তাহলে আমরা স্বচ্ছন্দে খেলাধুলা করতে পারব।”
প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার মন্তব্য
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাজেদুল ইসলাম জানিয়েছেন, “গত ছয় মাস ধরে এখানে নির্মাণকাজ চলছে। এই জায়গা দখল করে রেখেছেন রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা। বিষয়টি তাকে জানানো হলেও তিনি বলেছেন, ‘এটি আমাদের জায়গা, আমি অফিস-আদালতে যা করার করব, এ বিষয়ে আপনার কিছু বলার দরকার নেই।'”
এ বিষয়ে মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, “আমি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছি। বহুবার বলার পরও তারা কর্ণপাত করছেন না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।”
যোগাযোগের চেষ্টা
সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর ০১৭১২৮৪৪৯৭৭ বারবার ফোন করেও বন্ধ পাওয়া যায়।




















