শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবরকে শত শত দর্শনার্থীর সামনে প্রকাশ্যে গুলি
- আপডেট সময় : ০১:৩৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 1562
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে শত শত দর্শনার্থীর সামনে প্রকাশ্যে গুলিতে শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ‘ঢাকাইয়া আকবর’সহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে পতেঙ্গা থানার সৈকতের পশ্চিম পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রতিপক্ষের লোকজন ঢাকাইয়া আকবরকে লক্ষ্য করে এই হামলা চালায়।
গুলিবিদ্ধদের পরিচয়
গুলিবিদ্ধদের মধ্যে একজন হলেন ঢাকাইয়া আকবর, যিনি নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে। আরেকজন গুলিবিদ্ধ দর্শনার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ নিশ্চিত করেছে, তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ চাকরি করেন এবং সৈকতে ঘুরতে গিয়েছিলেন।
ঘটনার বিবরণ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকাইয়া আকবর একজন নারী এবং চারজন পুরুষ সঙ্গীসহ পতেঙ্গা সৈকতে ঘুরতে যান। সৈকতের পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানে তারা বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে চারজন যুবক এসে উপস্থিত হয়। তাদের একজন আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও তার শরীরে ৪-৫টি গুলি লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় পাশে থাকা এক দর্শনার্থীও গুলিবিদ্ধ হন। ঘটনার সময় সৈকতে থাকা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পেছনের বিরোধ ও হামলার কারণ
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কারাবন্দি ছোট সাজ্জাদ ও ঢাকাইয়া আকবর অপরাধ জগতের দুই প্রতিদ্বন্দ্বী। সাজ্জাদ মনে করেন, তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পেছনে ঢাকাইয়া আকবরের হাত রয়েছে। সেই ক্ষোভ থেকেই এই হত্যাচেষ্টার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এখনো হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশের বক্তব্য
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম যুগান্তরকে বলেন, “রাতে হঠাৎ করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আকবর নামে এক যুবক ও এক দর্শনার্থী গুলিবিদ্ধ হন। আকবরের শরীরে কয়েকটি গুলি লেগেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”




















