গাড়ি থেকে ফেলে দেওয়া হলো সন্ত্রাসী পেপার সানির লাশ, হাতে ছিল হাতকড়া
- আপডেট সময় : ০৫:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 897
রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন, ২০২৫) ভোরে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের ৩ নম্বর লাইনের মিল্লাত ক্যাম্প সংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে থেকে রাকিবুল হাসান সানি ওরফে ‘পেপার সানি’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানির দুই হাতেই হ্যান্ডক্যাপ বা হাতকড়া পরানো ছিল, যা হত্যাকাণ্ডের ধরণ নিয়ে রহস্য সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পেপার সানি পল্লবীর ১২ নম্বর মোড়াপাড়া ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে পল্লবী থানাসহ মিরপুরের বিভিন্ন থানায় মাদক ব্যবসা ও একাধিক মারামারির মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতো।
গত বছর ১৬ মার্চ এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘রাব্বি গ্রুপে’র হামলায় পেপার সানি গ্রুপের এক সদস্য, ফয়সাল নিহত হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
অপহরণের পর নির্যাতন, জড়িত ল্যাংড়া রুবেল
মোড়াপাড়া ও মিল্লাত ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ঘটনার দিন রাতে মিরপুর ১২ নম্বর মোড়াপাড়া ক্যাম্প থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা পেপার সানিকে তুলে নিয়ে যায়। এরপর তাকে রাতভর গাড়িতেই নির্যাতন করা হয় এবং সকালে তার লাশ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, সোমবার রাতে পেপার সানিকে ওই সাদা মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, অপহরণকারীরাই এই হত্যাকাণ্ডে জড়িত। ওই গাড়িতে আগে থেকেই চিহ্নিত মাদক কারবারি ও একাধিক হত্যা মামলার আসামি ‘ল্যাংড়া রুবেল’ এবং তার সহযোগীরা ছিল বলেও পুলিশ নিশ্চিত করেছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানিয়েছেন, তারা হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পেয়েছেন এবং সেগুলোর যাচাই-বাছাই চলছে।





















