ফরিদপুরের মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে স্কুলছাত্র নিহত
- আপডেট সময় : ০৬:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 444
ফরিদপুরের আলফাডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ ফকির (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ ফকিরের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে। তিনি মৃত আমিনুল ইসলাম ফকিরের ছেলে এবং আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে ভাটপাড়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে জয়দেবপুর-শিরগ্রাম সড়কের জয়দেবপুর ঈদগাহর সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বুকে মারাত্মক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে পুকুরিয়া এলাকায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর দাবি, আব্দুল্লাহ মোটরসাইকেল চালানোর সময় কিছুটা উশৃঙ্খল আচরণ করতেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহ্ জালাল আলম জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।











