ফরিদপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা সজিব আহমেদ
- আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 2100
ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) রাত ৯টার দিকে শহরের শোভারামপুর সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার (১৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সজীব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার আক্কাচের গরুর ফার্মে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হামলা মামলার এজাহারভুক্ত আসামি সজীব
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “সজীব আহমেদ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, “তিনি একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
ছাত্রলীগে পদচ্যুতি ও পূর্বের মামলা
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। এর আগে, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এই হত্যাচেষ্টা মামলায় ২০২২ সালের ১২ অক্টোবর বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।





















