ফরিদপুরের জিয়া মঞ্চে বিতর্কিত খাজার পদায়ন, কেন্দ্রের হস্তক্ষেপে কমিটি স্থগিত
- আপডেট সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 488
ফরিদপুর জেলা ও সদর উপজেলা জিয়া মঞ্চের কমিটি স্থগিত করা হয়েছে। হত্যাসহ একাধিক মামলার আসামি খায়রুজ্জামান খাজাকে সদর উপজেলা কমিটির সভাপতি করার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, ফরিদপুর জেলা কমিটির সব সদস্যকে আগামী ২৩ জুন বিকেলে ঢাকায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ জুন, ২০২৫) জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) মো. জামাল হোসেন সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিতর্কিত সভাপতির নিয়োগ ও সংবাদ প্রকাশ
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) জিয়া মঞ্চের সদর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পান খায়রুজ্জামান খাজা, যার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমে “হত্যাসহ একাধিক মামলার আসামি ‘জিয়া মঞ্চের’ সভাপতি” শিরোনামে) খবর প্রকাশের পরেই জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিতের এই পদক্ষেপ নেওয়া হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ২৩ জুন বিকেল ৩টায় ফরিদপুর জেলা কমিটি সব নেতৃবৃন্দকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।” বিজ্ঞপ্তির একটি অনুলিপি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এম টি আখতার টুটুল এবং জিয়া মঞ্চ ফরিদপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক এস সাজ্জাদ আহমেদ শাওনকে দেওয়া হয়েছে।
স্থগিত কমিটির সাধারণ সম্পাদকের ব্যাখ্যা ও বিএনপির অবস্থান
এ বিষয়ে জানতে চাইলে স্থগিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী বলেন, “বিএনপির একজন ত্যাগী ও নির্যাতিত কর্মী ছিলেন খায়রুজ্জামান খাজা। তাকে কমিটিতে নেওয়ার কারণে কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। বিষয়টি কেন্দ্র অবগত হলে কমিটি দেওয়ার অপরাধে আমাদের জেলা কমিটিও স্থগিত করে দিয়েছে। আমরাতো ভুল করিনি। আওয়ামী লীগের সময়ে খাজাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানিয়েই কমিটি দিয়েছিলাম। তারপরও আমাদের ডেকেছে, সেখানে জবাব দেওয়া হবে।”
তবে, এই প্রসঙ্গে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “জিয়া মঞ্চ নামে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন নেই।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরের দিকে শহরের ঝিলটুলী মহল্লা এলাকার একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সভায় খায়রুজ্জামান খাজার নাম সদর উপজেলা কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল।





















