আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল টাকাসহ সেনা অভিযানে কুখ্যাত সন্ত্রাসী জাদু আটক
- আপডেট সময় : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 844
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ মো. জাদু (৪৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন, ২০২৫) ভোরে আলমডাঙ্গা হারদী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটক জাদু কেশবপুর গ্রামের দেলবার মণ্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিল।
বাড়িতে তল্লাশি ও অস্ত্রের স্বীকারোক্তি
শুক্রবার ভোরে আলমডাঙ্গার কেশবপুর গ্রামে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাদু অবৈধ অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে। তার বাড়ি তল্লাশি করে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, একটি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
আইনগত প্রক্রিয়া ও সচেতন মহলের প্রত্যাশা
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সেনাবাহিনী অভিযানে জাদু’কে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলে আশা করছে সচেতন মহল।











