ফরিদপুরে সেনা-পুলিশের যৌথ অভিযান: ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট হীরা আটক
- আপডেট সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 1064
ফরিদপুর সদর উপজেলার জনতা ব্যাংক মোড় এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন হীরাকে (৪৫) আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) রাত ১০টায় এই অভিযান চালানো হয়।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল জানতে পারে যে, জনতা ব্যাংকের ওপরের একটি বাসায় মাদক ব্যবসা চলছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেনা টহল দলটি পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযানে অংশ নেয়।
মাদক সরবরাহ ও বিতরণের কেন্দ্র
আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, হীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত। জনতা ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত তার বাসাটি মাদক সরবরাহ ও বিতরণের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
আটককৃত নাসির উদ্দিন হীরাকে এবং তার কাছ থেকে জব্দকৃত মাদক ও অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনীর কঠোর অবস্থান
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।




















