ফরিদপুরে গরু চোর হাতেনাতে আটক: উদ্ধার হলো ৩টি গরু
- আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 506
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আজ শুক্রবার (২৭ জুন, ২০২৫) সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে হারুন মোল্যা (৫০) নামের ওই চোরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া তিনটি গরুও উদ্ধার করা হয়েছে। আটক হারুন ওই গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়ালঘরের তালা ভেঙে একটি সংঘবদ্ধ চোরচক্র তিনটি গরু চুরি করে।
পায়ের ছাপ ধরে চোর ও গরু উদ্ধার
গরুর মালিক অসিত সরকার জানান, রাত আনুমানিক তিনটার দিকে তার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে তিনটি গরুর একটিও নেই। তাৎক্ষণিকভাবে তিনি লোকজনকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে চুরি হওয়া গরুগুলো খুঁজে পান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় হারুনকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। এরপর শুক্রবার সকালে তাকে বোয়ালমারী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
পুলিশের বক্তব্য
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”











