ক্ষমতাধর ‘ডিলার’ টুটুলের বসতঘরেই মিললো ইয়াবার বিশাল চালান
- আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 593
রাজবাড়ীতে এনটিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব টুটুলকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বিনোদপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, তাদের কাছে তথ্য ছিল যে আহসান হাবিব টুটুল সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিলেন। মাদকের একটি বড় চালান তার নিজ বাড়িতে বিক্রির জন্য মজুদ আছে—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়।
অভিযান ও ইয়াবা উদ্ধার
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানকালে আহসান হাবিব টুটুল ইয়াবা সেবন করছিলেন। এ সময় তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপরও তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৮০ পিস ইয়াবা এবং মাদক সেবনের নানা সরঞ্জাম জব্দ করা হয়।
পরিদর্শক আবু বক্কর সিদ্দিক আরও জানান, আহসান হাবিব টুটুল মাদকের একজন বড় ডিলার। তার বসতঘরে নিয়মিত মাদকের আড্ডা বসতো এবং তল্লাশির সময় ইয়াবার খালি প্যাকেটসহ মাদকের বড় বড় চালানের আলামত পাওয়া গেছে।
মামলার প্রস্তুতি
এ ব্যাপারে সাংবাদিক আহসান হাবিব টুটুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এই ঘটনা রাজবাড়ীতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।





















