ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আটক: পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 487
কক্সবাজারের টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা নুর আহমদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই, ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ইয়াবাসহ আটকের পর তাকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ইয়াবা উদ্ধার ও আটকের বিবরণ
উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের গোপন খবর পেয়ে টহল জোরদার করা হয়। কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে নূর আহমদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে তার পায়ুপথে ইয়াবা লুকানো আছে।
পরে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়, যেখানে মোট ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বিজিবি জানায়, এই ইয়াবাগুলো কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক নুর আহমদ নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে।
আইনি প্রক্রিয়া ও দলীয় বহিষ্কার
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, মাদক উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মামলা করে আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের নিশ্চিত করেছেন যে, পায়ুপথে ইয়াবাসহ আটকের পর তীব্র সমালোচনার মুখে নুর আহমদকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।




















