সন্ত্রাসী গডফাদার’ আয়েশা গ্রুপ’-এর প্রধান গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 482
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ‘আয়েশা গ্রুপ’-এর প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা (৩৫) এবং তার সহযোগী ইউসুফকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার ঢাকার অদূরে সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাদের ছয়টি ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
‘আয়েশা গ্রুপ’ ও তার কর্মকাণ্ড
র্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আয়েশা মোহাম্মদপুরের কুখ্যাত ‘কবজিকাটা গ্রুপ’-এর সহযোগী এবং শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। র্যাব-২ বলছে, আয়েশা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা দিনের বেলায় কম জনসমাগমপূর্ণ এলাকায় পথচারীদের জিম্মি করে ছিনতাই করত, আর রাতে বাসাবাড়ি বা চলন্ত গাড়িতে লুটপাট চালাত।
সম্প্রতি হামলার ঘটনা ও মামলার বিবরণ
সম্প্রতি আদাবর এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে আয়েশা এক যুবককে কুপিয়ে জখম করেন বলে র্যাব-২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ৩০ জুন আদাবর থানায় আয়েশার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে যা জানা গেল
র্যাব-২ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার করেছেন যে তিনি রাজমিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে কবজিকাটা আনোয়ারের হাত ধরে সন্ত্রাসের জগতে প্রবেশ করেন এবং আনোয়ারের ডানহাত হিসেবে পরিচিতি লাভ করেন। আনোয়ারের নির্দেশেই তিনি বিভিন্ন অপরাধে নেতৃত্ব দিতেন।
গ্রেপ্তারকৃত দুজনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে র্যাব-২ জানিয়েছে। তারা আরও বলেছে, অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















