থানা ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগে ফরিদপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- আপডেট সময় : ০৩:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 1945
ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন আলমকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের কারণ ও অভিযোগ
শুক্রবার (১ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে অভিযান চালিয়ে শাহিন আলমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে।
আজ শনিবার দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, শাহিন আলমের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। একই সাথে কোতোয়ালি থানা ভাঙচুর মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হবে।















