ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 796
চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের (৭৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে নগরীর কাজির দেউড়ি এলাকার ক্লাবটির ৩০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
যেভাবে লাশ উদ্ধার হলো
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন জানান, হারুন-অর-রশিদ রোববার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম ক্লাবে ওঠেন। পরদিন সকালে ক্লাব কর্তৃপক্ষ তার কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
পরে তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সাবেক সেনাপ্রধানের সংক্ষিপ্ত পরিচিতি
১৯৪৮ সালে জন্মগ্রহণ করা হারুন-অর-রশীদ ১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পদাতিক কোরে কমিশন লাভ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি কুমিল্লার ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে প্রথম পোস্টিং পান। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জর্জিয়ায় বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবসরের পর তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হিসেবেও কাজ করেন। পরে তিনি ডেসটিনি গ্রুপের সভাপতি হিসেবে যুক্ত হন এবং অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়। অসুস্থতার কারণে তিনি জামিনে মুক্তি পান।
সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা সম্প্রদায় ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।





















