বিতর্কিত স্লোগান দিয়ে বিপাকে বিএনপি নেতা, ব্যাখ্যা চাইল জেলা কমিটি
- আপডেট সময় : ০৭:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / 412
‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—গণতন্ত্রের এই বহুল প্রচলিত স্লোগান বদলে দেওয়ার হুমকি দিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান মজুমদার। সম্প্রতি তার এই বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
কী বলেছেন ওই বিএনপি নেতা?
সম্প্রতি চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নে একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুর রহমান বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটা কিন্তু আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামের মাটিতে এই স্লোগান আর আমরা বাস্তবায়ন হতে দেব না।”
তিনি নতুন স্লোগান দিয়ে বলেন, “আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। আমার ভোট আমি দেব, ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন।”
নেতাকর্মী ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া
গণঅভ্যুত্থানের পর যখন ভোটাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চলছে, তখন বিএনপির মতো একটি দলের নেতার এমন বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা জানিয়েছেন, তারা এমন বক্তব্যে ‘চরম বিব্রত’। দলের আদর্শের সঙ্গে তার বক্তব্য সঙ্গতিপূর্ণ নয় বলেও তারা মন্তব্য করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, “আমাদের দলের নেতা হয়ে তার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং ওই নেতার কাছে ব্যাখ্যা চাইব।”
এ বিষয়ে জানতে ওয়াহিদুর রহমান মজুমদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।





















