ফরিদপুরে স্কুলছাত্রকে তুলে নিয়ে বাগানে বেঁধে কিশোর গ্যাং এর মারধর
- আপডেট সময় : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 236
ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সিয়ামকে (১৩) স্কুল গেট থেকে তুলে নিয়ে নির্জন বাগানে গাছের সাথে বেঁধে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ:
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ এপ্রিল) সকালে টিফিন চলাকালীন স্কুল গেট সংলগ্ন একটি দোকানে সিঙ্গারা কিনতে যায় সিয়াম। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা কিশোর গ্যাং সদস্য বিশাল ফকিরের নেতৃত্বে একদল কিশোর সিয়ামকে টেনে-হিঁচড়ে দূরের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে তাকে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বক্তব্য:
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হালিম জানান, ছেলেটিকে স্কুলের সামনে থেকে তুলে নিয়ে বাগানে মারধর করা হয়েছে, তবে হামলাকারীদের তাৎক্ষণিকভাবে চেনা সম্ভব হয়নি। ভুক্তভোগী সিয়ামের মা মোছাম্মৎ সুলতানা আক্তার বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কান্নায় ভেঙে পড়ে বলেন, “অন্যদিনের মতো সিয়াম স্কুলে গিয়েছিল। টিফিনের সময় তাকে তুলে নিয়ে মারধর করা হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই যেন আর কোনো শিক্ষার্থীর সাথে এমনটা না ঘটে।”
কর্তৃপক্ষের পদক্ষেপ:
উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন জানান, বিষয়টি স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানো হয়েছে। ইউএনও’র পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং স্কুল পর্যায় থেকেও তদন্ত করা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, শিক্ষক ও অভিভাবকরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। পুলিশকে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।



















