এ কেমন প্রেম? ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
- আপডেট সময় : ১০:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 509
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার শিকার হয়েছেন—এমন অভিযোগ তুলে এক ৭১ বছর বয়সী বৃদ্ধ এক নারীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
কী ঘটেছিল?
অনশনকারী আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, স্ত্রী মারা যাওয়ার পর প্রায় দুই মাস আগে ৩৫ বছর বয়সী ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রস্তাব দিলে ওই নারী তাতে সম্মতি জানান। এই সম্পর্কের সূত্র ধরে ওই নারী বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩৫-৪০ হাজার টাকা নেন।
ভুক্তভোগী আবুল কাসেম মুন্সি অভিযোগ করেন, টাকা নেওয়ার পর হঠাৎ করেই ওই নারী তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন এবং তাকে ভুল ঠিকানা দেন। ৪-৫ দিন খোঁজাখুঁজির পর তিনি ওই নারীর বাড়ির সন্ধান পান এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তিনি বলেন, “হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে। আমি আমার সঙ্গে করা প্রতারণার উপযুক্ত বিচার চাই।”
স্থানীয়দের মন্তব্য ও নারীর অবস্থান
এলাকাবাসী জানান, ওই নারী এর আগেও অনেক পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তারা এই ঘটনার কঠিন শাস্তির দাবি জানান।
এদিকে, অনশনের খবর পেয়ে ওই নারী বাড়ি থেকে পালিয়ে যান এবং আত্মগোপন করেন। পরে তাকে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন।





















