ফরিদপুরে স্কুলছাত্র হত্যায় ১০ বছরের কারাদণ্ড, এক বছরেই মামলার নিষ্পত্তি
- আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 377
ফরিদপুরে স্কুলছাত্র সাব্বির বিশ্বাসকে হত্যার দায়ে তার প্রতিবেশী আশিক শেখকে (১৮) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের এই রায় মাত্র এক বছরের মধ্যে ঘোষণা করা হলো।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কী ঘটেছিল?
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সাব্বির বিশ্বাস (১৫) পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত। ২০২২ সালের ১ এপ্রিল সে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন, ২ এপ্রিল পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পা বাঁধা ছিল।
এই ঘটনায় ৩ এপ্রিল সাব্বিরের বাবা আলমগির বিশ্বাস অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আশিক শেখকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়।
আদালতের রায়
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রবানী ভূঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এই রায় দেন। বিচারিক প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হয়েছে, যা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।











