ফরিদপুরে মাদক সেবনের সময় গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে সাজা
- আপডেট সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 753
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত দুই যুবক হলেন উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামের টিটোল মল্লিক (৩৭) ও মেহেদী হাসান (২৬)। টিটোলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, মেহেদী হাসানকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
যেভাবে ধরা পড়লেন তারা
আদালত সূত্র জানায়, টিটোল মল্লিক ও মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত দুই যুবক তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ড দেওয়া হয়েছে।

















