ফরিদপুরে প্রেমিকের কথায় স্বামীকে তালাক, এখন বিয়ের দাবিতে অনশন
- আপডেট সময় : ০৬:১২:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 639
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে। রোববার সকাল থেকে ওই নারী অভিযুক্তের বাড়িতে অবস্থান করছেন।
অভিযুক্ত যুবকের নাম হাসিবুল শেখ (২১)। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান হবি শেখের ছেলে। অনশনে থাকা নারী (২৫) নগরকান্দা পৌর এলাকার বাসিন্দা।
ফেসবুক থেকে প্রেম: তালাকের পর প্রতারণার অভিযোগ
অনশনে থাকা ওই নারীর ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসিবুলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর ধরে তাদের এই সম্পর্ক চলছে। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে হাসিবুল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এবং তার নির্দেশে তিনি আগের স্বামীকে তালাক দিয়েছেন।
ওই নারী বলেন, “এখন বিয়ের কথা বললে সে টালবাহানা করছে। তাই কোনো উপায় না পেয়ে তার বাড়িতে অনশন শুরু করেছি। সে আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না।”
অভিযুক্ত পলাতক, পরিবারের বক্তব্য
ঘটনার পর থেকে অভিযুক্ত হাসিবুল শেখ পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ বলেন, “আমার ছেলে বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক আছে কি-না আমার জানা নেই। সে বাড়িতেও নেই, কোথায় আছে তাও জানি না।”
পুলিশের মন্তব্য
এ বিষয়ে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ছেলে ও মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক। তাই বিষয়টি পারিবারিকভাবে সমাধান করলে ভালো হয়। তিনি আরও জানান, এ বিষয়ে কেউ আইনগত সহায়তা চাইলে তা দেওয়া হবে।





















