ফরিদপুরে প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং, যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 524
ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে সুজন মাতুব্বর (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যেভাবে ইভটিজিংয়ের শিকার হন প্রবাসী স্ত্রী
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ওই নারীর স্বামী দীর্ঘ চার বছর ধরে সৌদি আরবে থাকেন। তিনি তার সন্তানকে নিয়ে একাই বাড়িতে বসবাস করেন। গত ২৭ আগস্ট তিনি তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে সুজন মাতুব্বর তার পিছু নিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি ও ইশারা করতে থাকেন। একপর্যায়ে তিনি ওই নারীর ওড়না ধরে টান দিলে তিনি চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন দ্রুত পালিয়ে যায়।
আটক ও আইনি পদক্ষেপ
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নারী সালথা থানায় সুজন মাতুব্বরের বিরুদ্ধে একটি ইভটিজিং মামলা দায়ের করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বরকে সোমবার রাতে বিভাগদী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।”

















