ফরিদপুরে একই নম্বর প্লেটে ৫ প্রাইভেট কার জব্দ, কে সেই রহস্যময় মালিক?
- আপডেট সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 757
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একই নম্বর প্লেট ব্যবহার করা পাঁচটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গাড়ির মালিকানা ও বৈধ কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার বিকেলে হোটেল রাজস্থানের সামনে থেকে গাড়িগুলো হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে হোটেল রাজস্থানের সামনে সারিবদ্ধভাবে পাঁচটি নতুন প্রাইভেট কার দাঁড়িয়ে ছিল, যার সবগুলোর নম্বর প্লেট ছিল একই। এ দৃশ্য দেখে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা থানা ও ট্রাফিক পুলিশকে খবর দেয়।
হোটেল রাজস্থানের ম্যানেজার মো. মহিউদ্দিন জানান, ভোররাতে ১৮ জন আরোহী নিয়ে গাড়িগুলো হোটেলের সামনে আসে। তারা নিজেদের শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য এসেছেন বলে জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলোর কাগজপত্র যাচাই করে। কিন্তু কোনো গাড়িরই বৈধ কাগজপত্র বা প্রকৃত মালিকের পরিচয় পাওয়া যায়নি। পরে গাড়িগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খুরশিদ আলম শিকদার বলেন, ‘গাড়িগুলোর শোরুম অথবা গ্যারেজ নম্বরের কোনো সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। শোরুম নম্বর বা গ্যারেজ নম্বর দিয়ে কেবল শোরুম থেকে গ্যারেজ পর্যন্ত গাড়ি চালানোর নিয়ম আছে, রাস্তায় চলাচলের কোনো অনুমতি নেই। আমরা গাড়িগুলোর কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে বিআরটিএকে জানাব।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাইভেটকারগুলো বর্তমানে পুলিশ লাইনে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা জিডি হয়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।





















