ফরিদপুরে যৌথ অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা আটক: উদ্ধার মার্কিন অস্ত্র
- আপডেট সময় : ০২:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 1602
ফরিদপুর শহরের আলীপুরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি দোনলা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযান ও গ্রেফতারের বিবরণ
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় অভিযান চালানো হয়। ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মাহফুজুর রহমান সবুজ (৩৯)-এর বাসা থেকে অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। মাহফুজুর রহমান ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়ার ছেলে।
নেতার পরিচয় ও পুলিশের বক্তব্য
আটককৃত মাহফুজুর রহমান সবুজ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, “সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়।” এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংগঠনের প্রতিক্রিয়া
এ ব্যাপারে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, মাহফুজুর রহমান তাদের দলের সদস্য সচিব। তার গ্রেপ্তারের খবরটি তিনি জানতে পেরেছেন, তবে বিস্তারিত জানেন না। তিনি আরও বলেন, যেহেতু মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থেকে পরিচালিত হয়, তাই এ ব্যাপারে কোনো সাংগঠনিক ভূমিকা থাকলে তা কেন্দ্রই গ্রহণ করবে।





















