ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার মাহফুজুর রহমান সবুজ
- আপডেট সময় : ১২:৪০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 912
ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ (৩৯)। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
যৌথ অভিযানে আটক
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহরের দক্ষিণ আলিপুর মহল্লায় মাহফুজুর রহমান সবুজের বাড়িতে এক যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে তার বাসা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি দোনলা বন্দুক উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে ও স্থানীয় পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দল থেকে বহিষ্কার
অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারের পরপরই মাহফুজুর রহমান সবুজের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয় তার দল। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।





















