ফরিদপুরে ঝোপের ভেতর থেকে নবজাতক উদ্ধার, দায়িত্ব নিতে আবেদন আহ্বান
- আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 311
ফরিদপুর সদরের একটি জঙ্গল থেকে একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে ফেলে রাখা হয়েছিল। বর্তমানে সে প্রশাসনের তত্ত্বাবধানে একটি সেফহোমে রয়েছে এবং তার দায়িত্ব নিতে আগ্রহী পরিবারগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
যেভাবে উদ্ধার হলো শিশুটি
শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের ধুলদি রেলগেট সংলগ্ন সহিরউদ্দিন হাফিজিয়া মাদরাসা এলাকার জঙ্গলের মধ্য থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে কোতয়ালী থানার সহযোগিতায় ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা শেষে একটি সেফহোমে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে এবং তার চিকিৎসা চলছে।
নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহীদের জন্য
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির অভিভাবকত্ব প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন চেয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও আরও বলেন, বাচ্চাটিকে নিতে আগ্রহীদের তার বরাবর আবেদন দাখিল করতে হবে। সব আবেদন যাচাই-বাছাই করার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটির আইনি অভিভাবক নির্বাচন করা হবে।




















