আ.লীগ-জামায়াতের লুঙ্গি-দর্শন: গোপন সত্য ফাঁস করলেন বিএনপির নাসিরুল
- আপডেট সময় : ০১:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 246
কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “আগে জামায়াত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে, এখন আওয়ামী লীগ জামায়াতের লুঙ্গির নিচে।” শনিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী’ আখ্যা, প্রতিরোধের আহ্বান
নাসিরুল ইসলাম জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বলেন, “নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হযরত মোহাম্মদ (সা.) এর ইসলাম, কোরআনের ইসলাম।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলকে দিয়ে ‘ধর্ম ব্যবসায়ী’ জামায়াতকে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত মসজিদে মিটিং করে মিথ্যাচার করছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে— এমন মিথ্যা প্রচার করছে। তিনি জামায়াতকে একটি ‘মুনাফেক দল’ বলেও আখ্যায়িত করেন।
নাসিরুল ইসলাম ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “মসজিদে যদি জামায়াতে ইসলামী কোনো মিটিং করে, তাহলে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে। সেই জায়গায় বিএনপির সকল পর্যায়ের লোকজন আপনাদের সমর্থন দেবে।”
কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লু। সভা সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্যসচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেন।
সম্মেলন শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি এবং সৈয়দ মনিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।





















