সদরপুরে জমি সংক্রান্ত বিরোধে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৯:১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 408
ফরিদপুরের সদরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা, কলাগাছ কর্তন ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ ইদ্রিস হাওলাদার (৫৬) অভিযোগ করেন, উপজেলার চরখাটারিয়া মৌজার একটি দখলীয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে।
অভিযোগে তিনি জানান, আদালতের ১৪৪ ধারার আদেশ তার পক্ষে থাকার পরও প্রতিপক্ষরা বিরোধ চালিয়ে যাচ্ছে। গত ১৩ ডিসেম্বর সকালে তার জমিতে থাকা প্রায় দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলা হয় এবং ভবনের উত্তর পাশের দেয়াল ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনাস্থলে স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করলেও অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ঘটনায় তিনি সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ্ জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।





















