ফেসবুকে ভিডিও ভাইরাল: ফরিদপুরে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশন
- আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 1128
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধানী বিচারিক কমিটির সদস্য এবং সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিন এই নোটিশ জারি করেন।
শোকজের কারণ:
নোটিশে উল্লেখ করা হয়, মাওলানা সরোয়ার হোসেনের একটি গণসংযোগ ও প্রচারণার ভিডিও গত ৭ জানুয়ারি ‘আলোকিত ভাঙ্গা’ নামক ফেসবুক পেজে প্রকাশিত হয়। ভিডিওটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হলে তারা এটিকে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ এর স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেন। কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ১৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের বক্তব্য:
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন (আব্দুল্লাহ-আবু-জাহের) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
প্রার্থীর প্রতিক্রিয়া:
এ বিষয়ে মাওলানা সরোয়ার হোসেন জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি। তবে শোকজের বিষয়ে শুনেছেন। তিনি দাবি করেন, মাইকে প্রচার বা বিধি বহির্ভূত কোনো গণসংযোগ তিনি করেননি। নির্ধারিত সময়ে তিনি এর লিখিত ব্যাখ্যা দেবেন।





















