তেলের টাকা চাওয়ায় গাড়িচাপায় কর্মচারীকে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 276
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে তেলের টাকা না দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকারের চাপায় মো. রিপন সাহা (২৮) নামে এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘মেসার্স করিম ফিলিং স্টেশনে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ ও ভিডিও ফুটেজ:
সংবাদদাতার হাতে আসা ৬ মিনিট ৪ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪) পাম্প থেকে তেল নেয়। এরপর সুজন নিজে একটি কাগজে কিছু লিখে মিটারম্যানকে দেখান। কিছুক্ষণ পর তিনি গাড়িতে উঠে বসেন। চালক হঠাত গাড়ি টান দিলে মিটারম্যান রিপন সাহা টাকার জন্য গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করেন। একপর্যায়ে গাড়ির সামনে দাঁড়ালে চালক তাকে চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
নিহতের পরিচয়:
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে মিটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশি পদক্ষেপ ও সুজনের পরিচয়:
ঘটনার পর রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনকে আটক করেছে। আটক সুজন সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মণ্ডলের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। তবে ২০১৯ সালে তিনি সংবাদ সম্মেলন করে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন।
ওসি’র বক্তব্য:
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “ভোররাতে সাবেক যুবদল নেতার ব্যক্তিগত প্রাইভেটকার চাপায় পাম্পের মিটারম্যান নিহত হওয়ার ঘটনায় সুজনকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”





















