ফরিদপুরে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ায় থানায় অভিযোগ
- আপডেট সময় : ১১:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 393
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের একটি মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, প্রতিদিনের ন্যায় গত ২২ জানুয়ারি, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি শেষে তিনি বাড়িতে চলে যান। পরবর্তীতে ২৪ জানুয়ারি, শনিবার সকালে লোকমারফতে জানতে পারেন, বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি মেহগনি গাছ একই গ্রামের মৃত জিহাদ শেখের পুত্র মোঃ ইমন শেখ কেটে নিয়ে গেছেন। গাছটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে দাবি করেন তিনি। ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানকে অবহিত করা হয়। পরে মধুখালী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি যে গাছটি কেটেছি সেটি আমাদের জমির গাছ। আমরা যাদের কাছ থেকে জমি কিনেছি তারা আমাদের এই সীমানা দেখিয়ে দিয়েছে। সীমানা নির্ধারণের পর যদি প্রমাণ হয় গাছটি বিদ্যালয়ের, তাহলে আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হবে আমি তা মেনে নেব।”
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা ও সীমানা নির্ধারণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।



















