শামা ওবায়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা; জিরো টলারেন্স ঘোষণা
- আপডেট সময় : ০২:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 359
ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ বা তদবিরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) এক আনুষ্ঠানিক সতর্কবার্তার মাধ্যমে তিনি দুই উপজেলার সরকারি দপ্তরগুলোকে এ বিষয়ে সজাগ থাকার নির্দেশনা দেন।
অফিশিয়াল পত্রে সতর্কবার্তা:
নগরকান্দা ও সালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে—এমন অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে সব কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যাচাইয়ের নির্দেশ:
নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যক্তি যদি সুপারিশ বা বিশেষ সুবিধার দাবি নিয়ে আসেন, তবে তা গুরুত্বসহকারে যাচাই করতে হবে। যদি কেউ প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কোনো অবৈধ কাজ করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকায় সব দপ্তর:
এই সতর্কবার্তার অনুলিপি সহকারী কমিশনার (ভূমি), দুই থানার ওসি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি, মৎস্য, শিক্ষা ও পল্লী বিদ্যুৎসহ সব সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
প্রতিমন্ত্রীর বক্তব্য:
এ বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষ যাতে হয়রানি বা বিভ্রান্ত না হয়, সেজন্যই এই সতর্কতা জারি করেছি।” তিনি আরও জানান, কেউ যদি তার নাম ভাঙানোর চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।











