ফরিদপুরে সালিশি বৈঠকের মধ্যেই মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানেরা
- আপডেট সময় : ০৫:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 380
ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চলমান সালিশ বৈঠকের মধ্যেই মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা সৎ মাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে। হামলায় ওই বৃদ্ধা ও তাকে বাঁচাতে আসা তার আপন ছেলে গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এই নজিরবিহীন ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে তার সৎ সন্তান হিরু মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৪৩) ও ফিরোজ মাতুব্বরের (৪০) দীর্ঘদিন ধরে বসতভিটা ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে রোববার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে।
সালিশেই হামলা:
প্রত্যক্ষদর্শীরা জানান, সালিশের একপর্যায়ে কথা কাটাকাটির জেরে সৎ সন্তান হিরু, রিপন ও ফিরোজ উত্তেজিত হয়ে তাদের মা মনোয়ারা বেগমের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দেওয়া হয়। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে মনোয়ারার আপন ছেলে আব্দুর রাজ্জাককেও (২৯) পিটিয়ে আহত করা হয়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পলাতক হামলাকারীরা:
ঘটনার পর থেকেই অভিযুক্ত সন্তানেরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
পুলিশের বক্তব্য:
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারকে থানায় এজাহার দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।




















