ফরিদপুরে চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেফতার ৩
- আপডেট সময় : ০৭:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 242
ফরিদপুরের আলফাডাঙ্গায় চুরির অপবাদে হোসাইন (১৫) নামে এক কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সেই শিউরে ওঠা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর চান্দরা গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। নির্যাতিত হোসাইন ঢাকা থেকে সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিল। তার কর্মস্থল থেকে একটি ড্রিল মেশিন চুরির অপবাদ দিয়ে শনিবার সকালে স্থানীয় ইয়াসিন ও শাকিল তাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বাঁধে। এরপর সারাদিন দফায় দফায় তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন।
ভাইরাল ভিডিওতে যা দেখা যায়:
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কিশোরটি যন্ত্রণায় বারবার নিস্তেজ হয়ে পড়লেও হামলাকারীরা সেটিকে ‘অভিনয়’ বলে উপহাস করছে এবং আরও বেশি মারধর করছে। স্থানীয়দের অভিযোগ, পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজ মোল্যার উপস্থিতিতেই এই নির্যাতন চালানো হয়। কিশোরের পিঠে প্রচণ্ড আঘাতের চিহ্ন দেখে শিউরে উঠেছেন গ্রামবাসী।
জনপ্রতিনিধিদের বিতর্কিত ভূমিকা:
স্থানীয় গ্রাম পুলিশ মো. রাহাত ইসলাম রাসেল জানান, পুলিশ প্রথমে এক নির্যাতনকারীকে আটক করলেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান তাদের মাঝপথ থেকে ছাড়িয়ে নিজের জিম্মায় রাখেন। যদিও মেম্বার ফিরোজ শেখ তার উপস্থিতিতে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।
পুলিশের পদক্ষেপ:
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, ভিডিওটি নজরে আসার পরই জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়। রাতেই তিনজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) মো. আজম খান বলেন, “ভিডিওটি দেখার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”




















