ফরিদপুরের দাপুটে আওয়ামী লীগ নেতারা এখন কে কোথায়? জেল না কি বিদেশ
- আপডেট সময় : ০৪:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 548
দুর্দান্ত প্রতাপ আর ক্ষমতার দাপট দেখিয়ে বিগত আওয়ামী লীগ আমলে যারা ফরিদপুরের হর্তাকর্তা ছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা এখন লোকচক্ষুর অন্তরালে। চব্বিশের জুলাই আন্দোলন ও ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ফরিদপুরের সেই ডাকসাইটে নেতাদের বর্তমান অবস্থান নিয়ে পাঠকদের ব্যাপক কৌতুহল রয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ফরিদপুরের রাজনীতির দৃশ্যপট আমূল বদলে গেছে।
কারাগারে ও আত্মগোপনে শীর্ষ নেতারা:
ফরিদপুর আওয়ামী লীগের প্রবীণ নেতা ও প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, ৫ আগস্টের আগে-পরে আত্মগোপনে চলে যান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ এবং শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।
লন্ডনে নিক্সন চৌধুরী ও আব্দুর রহমান:
ফরিদপুর-৪ আসনের সাবেক আলোচিত এমপি ও যুবলীগ নেতা মজিবুর রহমান নিক্সন চৌধুরী দেশ ছেড়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনে ঢাকায় হামলার নেতৃত্ব দেওয়া এবং ভাঙ্গায় নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একইভাবে ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানও বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
কে কোথায় পলাতক:
নির্ভরযোগ্য সূত্রের দাবি, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তবে সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ দেশেই আত্মগোপনে রয়েছেন এবং মাঝে মাঝে তাকে ফরিদপুরে দেখা যায় বলে গুঞ্জন রয়েছে। সাবেক পৌর মেয়র অমিতাব বোস পাশের দেশ ভারতে এবং ব্যবসায়ী নেতা যশোদা জীবন দেবনাথ কানাডায় পাড়ি জমিয়েছেন। চব্বিশের আন্দোলনে অস্ত্র হাতে ভাইরাল হওয়া ছাত্রলীগ নেতা দীপ বন্ধু সাহাও বর্তমানে ভারতে আত্মগোপনে।
গ্রেফতার ও রাজনৈতিক নাটকীয়তা:
বিগত সময়ে ‘বোমা ফারুক’ নামে পরিচিত জেলা আওয়ামী লীগের তৎকালীন সহ-সভাপতি মো. ফারুক হোসেনকে রাজধানীর একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া শ্রমিক লীগ নেতা গোলাম নাসির স্থানীয় জনতার হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে। যুবলীগ নেতা ফয়সাল ও কাউন্সিলর আব্দুল হকসহ আরও বেশ কয়েকজন নেতা বর্তমানে শ্রীঘরে রয়েছেন।
বিএনপি ও প্রশাসনের বক্তব্য:
ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, “বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে দেশ গড়তে চাই, তবে কোনো নৈরাজ্য সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না।”
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে কঠোর নজরদারি রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















