ফরিদপুরে মায়ের ওপর হামলা: গ্রেফতার দুই
- আপডেট সময় : ১১:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 78
ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে সৎ মায়ের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গ্রেফতারকৃতদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অভিযানের বিবরণ:
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) নগরকান্দা সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ফিরুজ মাতুব্বর (মামলার ৩ নম্বর আসামি) এবং নগরকান্দার কোনাগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (মামলার ৬ নম্বর আসামি)।
ঘটনার প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে কাঁঠালবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীর ওপর তার সৎ সন্তানরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ওই নারী গুরুতর আহত হন। এসময় মাকে বাঁচাতে গিয়ে জখম হন তার গর্ভজাত সন্তান আব্দুর রাজ্জাকও।
আইনি পদক্ষেপ:
এই ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৬ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশ অভিযানে নামে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মায়ের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”




















