কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
- আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 140
রাজশাহীর দুর্গাপুরে পরীক্ষা চলাকালীন একটি সরকারি কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা ও শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দুর্গাপুর দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৪৪ ধারার মধ্যেই তাণ্ডব:
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, ঘটনার সময় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্র হওয়ায় আশেপাশে ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল। এর মধ্যেই স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর নেতৃত্বে একদল নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করেন। তারা পূর্ববর্তী সময়ের আয়-ব্যয়ের হিসাব দাবি করে বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা ও শারীরিক লাঞ্ছনা করা হয়।
আহত ও ভাঙচুর:
হামলায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কলেজের অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
পাল্টাপাল্টি অভিযোগ:
আহত প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, মূলত চাঁদা দাবি এবং অনৈতিক সুবিধা না পাওয়ায় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, বিএনপি নেতা আকবর আলী হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কলেজের দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে শিক্ষকরাই তাদের ওপর প্রথমে হামলা চালিয়েছেন।
তবে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, যোগদানের পর থেকেই স্থানীয় বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না করায় এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
পুলিশের বক্তব্য:
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কিছু লোক জোরপূর্বক কলেজে ঢুকে হামলা চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















