শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা
- আপডেট সময় : ১০:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 82
রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে চলা সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটে।
ঘটনার সূত্রপাত:
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষের তীব্রতা বাড়লে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন।
থানার ভেতরে হামলা:
অভিযোগ উঠেছে, সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদলের একদল নেতাকর্মী থানার ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে অবস্থানরত মুসাদ্দিকের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং সূর্যসেন হল শাখার কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান করছিলেন।
বর্তমান পরিস্থিতি:
ঘটনার পর থেকে শাহবাগ থানার সামনে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে জানা গেছে, এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। তবে এই বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




















