ফরিদপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ: কিশোর গ্রেফতার
- আপডেট সময় : ০১:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 97
ফরিদপুর জেলা শহরের আলীপুর এলাকায় মাত্র তিন বছর বয়সী এক কন্যাসন্তানকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেফতারকৃত ওই কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রক্তাক্ত অবস্থায় শিশুটি হাসপাতালে ভর্তি:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২২ জুন) দুপুরে আলীপুর এলাকায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওই অবুজ শিশুটি। এ সময় প্রতিবেশী কিশোর আব্দুর রহমান চতুরতার আশ্রয় নিয়ে শিশুটিকে ফুসলিয়ে তার নিজের ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
একপর্যায়ে লম্পট কিশোরের নির্যাতনে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তারা শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন ও মামলা দায়ের:
এদিকে ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর আব্দুর রহমানকে গ্রেফতার করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি জানার পরপরই আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নিয়েছি। অপরাধে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহমান নামে এক কিশোরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে।”
ওসি আরও জানান, শিশুটির বাবার দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত কিশোরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে আইনগত প্রক্রিয়া সচল রয়েছে।



















