সৌজন্যের গাছে জল, বিনিময়ে জুটল এমপির লাথি
- আপডেট সময় : ০১:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 145
রাজনীতিতে সৌজন্যের চারা গাছ রোপণের চটকদার আসর বসেছিল ঠিকই। কিন্তু সেই গাছের গোড়ায় পানি ঢালতেই যে এমন এক আদিম, অশালীন ও চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ ঘটবে, তা হয়তো অতি বড় রাজনৈতিক চাণক্যও কল্পনা করতে পারেননি। প্রকাশ্য দিবালোকে, শত শত মানুষের চোখের সামনে এক বিরোধী দলীয় প্রবীণ নেতাকে সপাটে লাথি মারলেন খোদ শাসক দলের সংসদ সদস্য! সৌজন্যের মুখোশ খসে পড়া এই নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার সাক্ষী হলো কুমিল্লার লাকসাম।
সোমবার (১৩ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। আর সেই ভিডিও ঘিরেই এখন গোটা দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা আর ধিক্কারের ঝড়। ঘটনার নায়ক কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। আর যাঁর পিঠে খোদ আইনপ্রণেতার বুটের লাথি জুটল, তিনি লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন।
হাত ধুতে গিয়েই বিপত্তি: ৩২ সেকেন্ডের সেই ভাইরাল মরণ-কামড়
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত ৪ এপ্রিলের হলেও সোমবার রাতে ভিডিওটি প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। সে দিন লাকসামে একটি যৌথ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, বৃক্ষরোপণ শেষে চারা গাছে পরম যত্নে পানি দিচ্ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন মিলন। গাছকে জীবন দেওয়া সেই পানি দিয়েই যখন তিনি নিজের হাত দুটি ধুয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই কোনো উসকানি ছাড়াই আচমকা ক্ষিপ্ত বাঘের মতো ধেয়ে আসেন সংসদ সদস্য আবুল কালাম।
সবাইকে স্তব্ধ করে দিয়ে সবার সামনে মিলনকে লক্ষ্য করে সপাটে এক লাথি মারেন এমপি কালাম। লাথির আঘাতে প্রবীণ এই রাজনৈতিক কর্মী কতটা শারীরিক আঘাত পেয়েছেন তা জানা যায়নি, তবে তাঁর আত্মমর্যাদা যে মুহূর্তে ধুলোয় মিশে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রকাশ্য অনুষ্ঠানে একজন আইনপ্রণেতার এমন চণ্ডাল রূপ দেখে পাশে থাকা অন্য নেতাকর্মীরাও তখন ভয়ে জড়োসড়ো হয়ে পড়েন।
আক্রান্তের মুখে কুলুপ, বেপাত্তা ঘাতক এমপি!
এই চরম অপমানের পর এক অদ্ভুত ও রহস্যময় নীরবতা গ্রাস করেছে লাকসামের রাজনীতিকে। ক্ষমতার এমন নগ্ন প্রদর্শনের পর আক্রান্ত বিএনপি নেতা আবুল হোসেন মিলন গণমাধ্যমকে আক্ষরিক অর্থেই এড়িয়ে চলছেন। কোনো এক অজ্ঞাত ভয়ে বা চাপের মুখে তিনি এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তাঁর অনুসারীদের একাংশের দাবি, পরিবার ও নিজের নিরাপত্তার কথা ভেবেই মিলন এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না।
অন্যদিকে, ক্ষমতার দম্ভে ভরা এই কীর্তির পর থেকেই বেপাত্তা কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। সোমবার রাত থেকে তাঁর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর এই অশালীন ‘লাথি-তত্ত্বের’ পেছনে আসল কারণ কী ছিল, তা এখনো ধোঁয়াশায় ঢাকা।





















