নিখোঁজের একদিন পর নদীর পাড়ে ঝুলন্ত লাশ উদ্ধার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 207
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের একদিন পর আবুল কাশেমের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ হন এবং রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার লাশ পাওয়া যায়।
উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবুল মোবারকের ছেলে আবুল কাশেম। রোববার সকালে তার পাশের গ্রামের সোনাই নদীর পাড়ে গাছের ডালের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।





















