ফরিদপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, কারাগারে প্রাক্তন প্রেমিক

- আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / 937
ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন বন্ধুর সাথে ঘুরতে গিয়ে এক নববধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের বয়স ১৮ বছর এবং তিনি বোয়ালমারী উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা। তাকে গতকাল রাতেই উপজেলার এলাংখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও এই ঘটনায় জড়িত আরও একজন যুবক পলাতক রয়েছে।
এর আগে, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
জানা গেছে, ভুক্তভোগীর বিয়ে হয়েছে তিন মাস আগে, কিন্তু বিয়ের পরেও তার প্রেমিকের সাথে যোগাযোগ ছিল।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ঈদের দিন আব্দুর রহমান ঘুরতে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে মুরাইলচর শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের সময় ভুক্তভোগী অজ্ঞান হয়ে গেলে, তাকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান না ফেরায় তাকে পার্শ্ববর্তী মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরের দিন সকাল ৯টার দিকে বোয়ালমারী থানার পুলিশ খবর পেয়ে মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ধর্ষণের সহযোগী রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ বুধবার ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।





















