ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

- আপডেট সময় : ১০:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / 392
ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদের উপলক্ষে সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে দুপুরে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চর চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুটি দলে ভাগ হয়ে অংশ নেয়।
খেলা চলাকালে নজরুল বেপারীর ছেলে বাদশার সাথে আকিদুল শেখের ছেলে নাজমুলের প্রথমে কথা কাটাকাটি হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। তবে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুজনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, দুপুরের ঘটনার জের ধরে আজ বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





















