ফরিদপুরে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে গিয়ে হামলার শিকার দম্পতি
- আপডেট সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 297
ফরিদপুরের সদরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গিয়ে হামলা ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক দম্পতি। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনির হোসেন (৪৫) সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ভুক্তভোগীর বক্তব্য:
মনির হোসেন জানান, তিনি চর চাঁদপুর বৈদ্যডাঙ্গী গ্রামে তার স্ত্রীর বড় ভাইয়ের জায়গায় একটি নতুন বাড়ি নির্মাণ করছেন। ওই বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য (২৮ এপ্রিল) সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে আবেদন করতে যান। আবেদন করার পর অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম তাকে জানান, ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না।
এ ব্যাপারে কারণ জানতে চাইলে, শহিদুল ইসলাম উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন। এ সময় অফিসের অন্যান্য কর্মচারীরাও এসে তাকে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। মনির হোসেনের স্ত্রী নাছিমা আক্তার বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মনির হোসেন।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বক্তব্য:
সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “যে জমিতে মনির বিদ্যুৎ সংযোগ নিতে এসেছেন, সেটি তার নিজের জমি নয়। ওই জমির মালিকের কাছে আমাদের ৪৫ হাজার টাকা বাকি থাকায় আমি সংযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছি।”
তিনি আরও দাবি করেন, “আমি গ্রাহকের ওপর কোনো হামলা করিনি।”
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “গ্রাহকের ওপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





















