ফরিদপুরে আলিমুজ্জামান ব্রিজে ফের মেরামত- স্থায়ী সেতুর স্বপ্ন ধোঁয়াশায়
- আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 312
ফরিদপুর শহরের কুমার নদের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ আলিমুজ্জামান বেইলি ব্রিজ আবারও অস্থায়ীভাবে মেরামত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু নির্মাণ পরিকল্পনা লালফিতার জট কাটাতে না পারায় বুধবার (১০ ডিসেম্বর) থেকে এই ব্রিজের ওপর সব ধরনের জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
🔹 স্থায়ী সেতুর দাবি বহুদিনের
৯১ মিটার দীর্ঘ এই বেইলি ব্রিজটি হাজী শরিয়তুল্লাহ বাজারকে তিতুমীর বাজারের সঙ্গে সংযুক্ত করেছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে একটি প্রশস্ত ও স্থায়ী সেতু নির্মাণ বহুদিনের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু পরিকল্পনা ও নকশা অনুমোদনের ফাইল দীর্ঘদিন ধরে আটকে থাকায় নাগরিক দুর্ভোগ কমছে না।
🔹 অতীতে বহুবার সংস্কার, তবুও ঝুঁকিপূর্ণ
স্থানীয় সূত্র বলছে, ব্রিজটি বর্তমানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে যে আবারও মেরামত করা ছাড়া উপায় নেই। এর আগে ২০১৩ সালে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি সংস্কার করা হয়, যার উদ্বোধন করেন তৎকালীন এমপি ও মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ২০২৩ সালের মার্চেও ক্ষয়ে যাওয়া পাটাতন মেরামত করা হয়েছিল।
🔹 ১৯৩৫ সালে নির্মিত স্থায়ী ব্রিজ, বন্যায় ধসে পড়ে
তথ্য অনুসন্ধানে জানা যায়, এটি প্রথমে বেইলি ব্রিজ ছিল না; ১৯৩৫ সালে জেলা বোর্ড চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরীর উদ্যোগে একটি স্থায়ী সেতু নির্মিত হয়—যা কুমার নদের ওপর শহরের প্রথম সেতু। লোহার পিলার আর পাথরের ঢালাইয়ে তৈরি সেতুটি ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ধসে পড়ে।
এরপর সাময়িকভাবে সাঁকো নির্মাণ এবং পরে শুধুমাত্র হাঁটার উপযোগী বেইলি ব্রিজ বসানো হয়। কিন্তু বহুদিনেও স্থায়ী বিকল্প সেতু নির্মাণ হয়নি—যা নিয়ে শহরবাসীর আক্ষেপের শেষ নেই।
🔹 পূর্বের ধস ও মেরামতের ইতিহাস
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির এক পাশে হাজী শরিয়তুল্লাহ বাজার, অন্য পাশে ময়রাপট্টি, নিউ মার্কেট ও তিতুমীর বাজার। ২০১২ সালের অক্টোবরে রাতের আঁধারে ট্রাকের ভারে ব্রিজটি ধসে যায়। পরে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়ের সময় ২ কোটি ৩০ লাখ টাকায় মেরামত করা হয়।
🔹 শহরবাসীর প্রতিক্রিয়া
শহরের বাসিন্দা দাউদ হোসেন বলেন, “আবারও মেরামত হচ্ছে ঠিক আছে, কিন্তু স্থায়ী সেতুর কাজ কবে শুরু হবে—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।”
আরেক বাসিন্দা মো. সুমন শেখ বলেন, “এই স্থানে স্থায়ী সেতু হলে যানজট কমবে। হাজরা তলা মোড় থেকে ইমাম উদ্দিন স্কয়ার পর্যন্ত সড়ক বিস্তৃত করে প্রকল্প নিলে অনেক মানুষের উপকার হবে।”
🔹 সওজ-এর ব্যাখ্যা
ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, “বেইলি ব্রিজটি বাণিজ্যিক এলাকার গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। ব্রিজটির সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে। শিগগিরই কাজ শুরু হবে। পাশাপাশি এখানে একটি নতুন স্থায়ী সেতু নির্মাণ পরিকল্পনাও রয়েছে।”











