ফরিদপুরে হামলাকারীর 999 কল, উল্টো মামলা খেলেন হামলার শিকার নারী
- আপডেট সময় : ১০:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 671
ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধা নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হামলার পর উল্টো ওই নারী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি গত ১২ আগস্ট বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে ঘটে। আহত নারী তাসলিমা বেগম (৫৫), বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
যেভাবে ঘটনার সূত্রপাত
স্থানীয় সূত্রে জানা যায়, আহত তাসলিমা বেগমের সঙ্গে তার ভাসুর কুবাদ মোল্লার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১১ আগস্ট চেয়ারের মতো একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়, যার জের ধরে পরদিন ১২ আগস্ট কুবাদ মোল্লার মেয়ে শিল্পী বেগম (৩২) ও তার পরিবারের সদস্যরা তাসলিমার ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে।
তাসলিমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও পাল্টা অভিযোগ
ভুক্তভোগী পরিবারের সদস্য রানা অভিযোগ করে বলেন, ভাবিকে মারধরের পর শিল্পী বেগম উল্টো ৯৯৯-এ ফোন দেন। পুলিশ এসে আমাদের পরিবারের সদস্য রাজুকে আটক করে এবং আমাদের আরও কয়েকজনের নামে মিথ্যা মামলা করা হয়। তিনি আরও বলেন, মারধরের সময় তার ভাবির গলার সোনার চেইনও ছিনিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, শিল্পী বেগম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের অভিযোগ মিথ্যা। উল্টো রানা, রাজু ও রুবেলরা তাকে এবং তার পরিবারকে মারধর করেছে। এ কারণেই তারা থানায় অভিযোগ করেছেন।
পুলিশের বক্তব্য
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজুকে আটক করে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি পৃথক মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মামলাগুলো আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শরিফ বলেন, উভয় পক্ষকে আপস করার কথা বলা হলেও শিল্পী পক্ষ তাতে রাজি হয়নি।











